জেলার কাহারোল উপজেলার ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। শনিবার সকাল ১১টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রামের ইসকন মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ম সভা চলাকালে দুর্বৃত্তরা এই গুলি ও বোমা হামলা চালায়। এতে দুই জন গুলিবিদ্ধ হন।

বিভাগীয় কমিশনারের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমীন, বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন সরকার, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনছুর আলী, বোচাগঞ্জ থানার ওসি মো. হাবিবুল হক প্রধান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কমিশনার মো. হুমায়ুন কবির সেখানে একটি সুধী সমাবেশে বক্তব্য দেন। ডাবোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত রায়ের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস প্রদান করে বলেন, ‘সস্ত্রাসীরা দেশকে অস্থীতিশীল করতেই একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে।’

মো. হুমায়ুন কবির বলেন, ‘দেশের মানুষের জান-মাল রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সকল ধর্ম ও বর্ণ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এমএইচ