নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে মাসুদ পারভেজ নামে ডিবি পুলিশের এক সোর্সের ডান চোখ উপড়ে ফেলেছে মাদক বিক্রেতারা।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুতুবপুর শরীফবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় পারভেজকে প্রথমে শহরের খানপুর ৩’শ শয্যা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতলে ভর্তি করা হয়।

এলাকাবাসী ও স্বজনরা জানান, মাসুদ পারভেজ ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স হিসেবে কাজ করেন। কয়েক মাস আগে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে কুতুবপুরের চিহ্নিত মাদক বিক্রেতা রহমানের ভাই সজলকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকে মাদক বিক্রেতা রহমান ও তার সহযোগীরা সোর্স পারভেজের ওপর ক্ষব্ধ ছিল।

শনিবার পারভেজের কাছে তথ্য আসে যে, এলাকার আকন গলিতে বড় ধরনের মাদকের চালান আসবে। এ সংবাদটি জেলা ডিবি পুলিশের এসআই  রবি চৌহানকে দিয়েছিলেন পারভেজ।

গতকাল (শনিবার) সকাল থেকে পারভেজ আকন গলিতে অবস্থান করেন। রাত প্রায় ৮টার দিকে আকন গলিতে মাদক বিক্রেতা রহমান, এনামুল, আকবর, লিখন’সহ ৭/৮ জন পারভেজকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে মারধর’সহ তার ডান চোখ উপড়ে ফেলে মাদক ব্যবসায়ীরা।

আহতাবস্থায় পারভেজ ঘটনাস্থল থেকে দৌড়ে শরীফবাগে পঞ্চায়েত কমিটির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে রহমান ও তার সহযোগীরা।

ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।”

এমবি