গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারীরা একই জঙ্গি সংগঠনের বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, উভয় হামলায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্যরা জড়িত।

শনিবার দুপুরে শোলাকিয়ার সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আইজিপি একেএম শহিদুল হক বলেন, হামলাকারীরা জেএমবির সদস্য। তবে এ ঘটনার সঙ্গে আইএস জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

গুলশান ও শোলাকিয়ার হামলা জেএমবি চালিয়েছে বলে কিভাবে নিশ্চিত হলেন জানতে চাইলে শহীদুল হক বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার সঙ্গে যারা জড়িত ছিল তাদের পরিচয় আগে থেকেই পুলিশের কাছে ছিল। শোলাকিয়ার হামলায় নিহত হামলাকারী ও আটক ব্যক্তিরাও জেএমবির তালিকাভুক্ত। জেএমবিই এই দুই হামলা চালিয়েছে।

তিনি আরো বলেন, হামলায় পাঁচজন অংশগ্রহণ করে। তাদের লক্ষ্য ছিল শোকালিয়ায় মুসল্লিদের ওপর হামলা করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজিমুদ্দীন স্কুল মাঠের কাছে তাদের তল্লাশি করতে গেলে হামলা চালায়।

ঈদগাহ মাঠে বড় ধরনের নাশকতা সংঘটনের জন্যই এ তৎপরতা চালানো হয় বলেও তিনি এ সময় জানান।

উল্লেখ্য, ঈদের দিন সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের শোলকিয়া ঈদগাহ ময়দানের কাছে এক চেক পয়েন্টে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের বেশি কিছুক্ষণ গুলি বিনিময় হয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক হামলাকারীসহ চারজন নিহত হন।

এর আগে গত ১ জুলাই রাতে গুলশানের রেস্তোরাঁয় দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে সন্ত্রাসীরা। রাতভর রুদ্ধশ্বাস অভিযানের পর ২ জুলাই সকালে কমান্ডো অভিযান চলে। এতে হামলাকারী পাঁচজন নিহত হন।

এমআইএস