আদালত অবমাননার দায় ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে দেয়া শাস্তির বিষয় সম্পাদকীয়তে সমালোচনা করায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস-এর কাছে ব্যাখা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-২।

আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে ব্যাখা প্রদান করতে পত্রিকার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইবুন্যাল।

এজন্য আগামী ২৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

"বাংলাদেশে মত প্রকাশে বাধা (Muzzling Speech in Bangladesh)" শিরোনামে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর একটি সম্পাদকীয় প্রকাশ করেছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস। সেখানে বলা হয়েছিল যে ওই মুহুর্তে বার্গম্যানকে দেয়া শাস্তি তুলে নেয়া উচিত ছিল।

পত্রিকায় আরো বলা হয় যে বাংলাদেশে সাংবাদিকতা এই বিপজ্জনক পেশা। প্রতিবদন প্রকাশের কারণে স্থানীয় সাংবাদিকদেরকে শারীরিকভাবে আক্রমণ করেছে সরকার ও ধর্মীয় উগ্রপন্থীরা। এমনকি তাদেরকে মেরে ফেলাও হচ্ছে।

এর আগে গত ২ ডিসেম্বর আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বার্গম্যানকে এজলাসে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাংবাদিক ডেভিড বার্গম্যান তার নিজস্ব ওয়েবসাইটে আযাদ জাজমেন্ট এ্যানালাইসিস-১; ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল অ্যান্ড ডিফেন্স ইনডিকোয়েন্সি এবং আযাদ জাজমেন্ট অ্যানালাইসিস-২; ট্রাইব্যুনাল অ্যাজাম্পশন শীর্ষক লেখা প্রকাশ করেন। এ সব লেখায় ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আযাদের রায় নিয়ে করা মন্তব্যে ট্রাইব্যুনালের মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে ডেভিড বার্গম্যানের ব্লগে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে করা মন্তব্যেও আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এদিকে বার্গম্যানকে শাস্তি দেওয়ার বিষয়ে গণমাধ্যমে বিবৃতি দেওয়ার কারণে ৪৯ বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে আগামী ১২ ফেব্রুয়ারি আদেশ দেবেন ট্রাইব্যুনাল-২।

জেডআই