বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী কারাবন্দি ড.খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিদেশে ৯ কোটি ৫৪ লাখ টাকা পাচার মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের এক সভায় এ মামলার চার্জশিট অনুমোদন দেয়া হয়।

গত ২৪ মার্চ এ মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিচালক আহসান আলীকে হঠাৎ পরিবর্তন করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

নাসিম আনোয়ার মামলাটি তদন্তের পর আদালতে চার্জশিট দাখিলের অনুমতি চেয়ে প্রতিবেদন জমা দেয় দুদকের সংশ্লিষ্ট শাখায়।

জানা যায়, এর আগে তদন্তকারী কর্মকর্তা আহসান আলী মামলাটির তদন্তের দায়িত্ব পাবার পরই গত ১২ মার্চ দিবাগত রাতে গুলশান-২ এর ৫৫ নম্বর রোডের নিজ বাসভবন থেকে ড খন্দকার মোশাররফকে গুলশান থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেন।

পরদিন ১৩ মার্চ তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী কর্মকর্তা আহসান আলী। এরপর থেকে এখনো ড. খন্দকার মোশাররফ হোসেন কারাগারে আছেন।
গত ৮ এপ্রিল তদন্ত কর্মকর্তা আহসান আলী দুদকে ডেকে আসামি ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস আক্তারকে জিজ্ঞাসাবদ করেন ।

গত ৬ ফেব্রুয়ারি দুদকের পক্ষে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে রমনা মডেল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৩ এর ১৩ ধারা এবং ২০০৯ এর ৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৩ ।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করে যুক্তরাজ্যের ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা (আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ বৃটিশ পাউন্ড) পাচার করেছেন সাবেক এই মন্ত্রী। আর তার এবং স্ত্রী বিলকিস আক্তারের যৌথ ব্যাংক হিসাবে (হিসাব নম্বর ১০৮৪৯২) ওই অর্থ পাচার করা হয়েছে।

ঢাকা,একে, ৭ আগস্ট ,টাইমনিউজবিডি.কম, এসআর