হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ পিস সোনার বারসহ সৌদি এয়ারলাইন্সের দুই কেবিন ক্রুকে আটক করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটে তারা ঢাকায় আসেন। পরে বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় তাদের আটক করে ঢাকা কাস্টম হাউস।
আটকৃত দুই কেবিন ক্রু হলেন, সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। তারা দু’জনই বাংলাদেশের নাগরিক।
জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় সন্দেহ হলে কাস্টমস হাউজ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় ওই দুই নারী ক্রুকে আটক করে।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, সায়মা আক্তারের অন্তর্বাস থেকে ২৬ পিস এবং ফারজানার অন্তর্বাস থেকে ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টম কর্তৃপক্ষ।শাহজালালে ৩৬টি স্বর্ণের বারসহ দুই নারী ক্রু আটক
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।





