ব্রাজিল থেকে আমদানি করা প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সেই ‘পচা’ গম ক্রয় করতে কাউকে বাধ্য করা যাবে না; আবার যা বিতরণ হয়েছে তাও কেউ ফেরত দিতে চাইলে কর্তৃপক্ষকে ফেরত নিতে হবে।

বুধবার ওই ‘পচা’ গম নিয়ে দায়ের করা এক রিট আবেদনের নিষ্পত্তি করে এই নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

ব্রাজিল থেকে আমদানি করা গম মানুষের খাওয়ার উপযোগী কি না; সে বিষয়ে সরকারের একটি প্রতিবেদন পাওয়ার পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন।

ব্রাজিল থেকে আমদানি করা গম মানুষের খাওয়ার উপযোগী কি না, তা জানতে চেয়ে গত ৩০ জুন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। ওই আদেশ অনুসারে খাদ্য অধিদপ্তর আদালতে কমপ্লায়েন্স প্রতিবেদন দাখিল করে।

অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমদ এবং সংগ্রহ বিভাগের পরিচালক ইলাহী দাদ খান স্বাক্ষরিত এই প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন। তাঁকে সহযোগিতা করেন সানজীদ সিদ্দিকী।

ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানিতে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে গত ২৯ জুন জনস্বার্থে রিট আবেদনটি করেন আইনজীবী পাভেল মিয়া।

এ গম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনও আবেদনের সঙ্গে যুক্ত করা হয়। এতে ওই গম মানুষের খাওয়ার উপযোগী কি না, তা দেশের মাননিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মাধ্যমে পরীক্ষা করাতে আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়।

এসএইচ