নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন র‌্যাবের ৩ সদস্য।

শনিবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই ৩ জনের জবানবন্দি রেকর্ড করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আদালতে র‌্যবের ৩ সদস্য এমদাদুল হক, হিরা মিয়া ও আবু তৈয়বের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ৫ জনকে ৮ দিন করে রিমান্ডে নেয় পুলিশ। এই ৫ জন হলেন র‌্যাব-১১ এর হাবিলদার এমদাদুল হক, আরিফ হোসেন, ল্যান্স নায়েক মো. হিরা মিয়া, বিল্লাল হোসেন ও সিপাহী আবু তৈয়ব।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন এ ৫ জনকে গ্রেফতারের কথা বললেও র‌্যাবের সদর দফতর থেকে বলা হয়- ৫ জনকে তারাই পুলিশের কাছে তুলে দিয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পুরো পরিকল্পনা করেছিল নূর হোসেন ও র‌্যাবের কয়েকজন কর্মকর্তা। পরিকল্পনা মোতাবেক ৭ জনকে অপহরণের পর হত্যা শেষে মৃতদেহ মাইক্রোবাসে করে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরে আনা হয়। পরে মৃতদেহ র‌্যাবের ইঞ্জিনচালিত ট্রলারে উঠিয়ে শীতলক্ষ্যা নদীর মোহনাতে নিয়ে ফেলে দেয়া হয়।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ