লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলপুর গ্রামে হিন্দু পরিবারের জমি দখলে জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার বিচারক ড. কাজী রেজা-উল হক ও বিচারক এবিএম আলতাফ হোসেইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।
একই সঙ্গে পুলিশের মহাপরির্দশকে ৩০ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া লালমনিরহাট জেলা পুলিশ সুপারকে অপরাধী গ্রেপ্তার নিশ্চিত করে আগামী ৭ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে লালমনিরহাটের ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি রক্ষায় ব্যবস্থা গ্রহনে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরির্দশক, উপ মহাপরির্দশক, জেলা পুলিশ সুপার ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অভিযুক্ত স্থানীয় আওয়ামী লীগের নেতা রবিউল ইসলাম ও নজরুল ইসলামকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
শুনানিতে তিনি  বলেন, বেআইনীভাবে হিন্দু পরিবারের সম্পত্তি দখল করছে প্রভাবশালীরা। কিন্তু অনেক ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন পদক্ষেপ দেওয়া হচ্ছে না।
গত ২ মার্চ ইংরেজী দৈনিক দ্যা ডেইলী স্টারে ‘স্থানীয় আওয়ামী লীগের নেতারা হিন্দু পরিবারের জমি দখল করেছে’ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের ভিত্তিতে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত ৪ মার্চ ওই রিট করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।
[b]ঢাকা, জিই ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]