বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ১৯৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহম্মেদ শাহরিয়ার তারিক এই আদেশ দেন।
গত বছর ৩ মার্চ জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে কয়েক হাজার বিএনপি-জামায়াতের নেতাকর্মী নন্দীগ্রাম উপজেলা পরিষদে হামলা চালায়।
তারা সেখানে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এতে উপজেলা পরিষদের ১৬টি দফতরের সব ফাইল ও আসবাবপত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানে দু'টি গাড়ি ভস্মীভূত হয়।
এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় পুলিশ বিএনপি জামায়াতের ২৬৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
ওই মামলায় বৃহস্পতিবার উপজেলা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজু ও জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা ফজলে রাব্বী তোহাসহ ১৯৩ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
বিচারক শুনানি শেষে জামিন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





