মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মুহম্মদ কামারুজ্জামানের রায় বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এই রায়কে কেন্দ্র করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) একাধিক বৈশ্বিক জোট উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট আইন সংশোধনের জন্য সরকারকে অনুরোধ করে। তাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করে বৈশ্বিক জোটগুলোকে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক শনিবার বিকালে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘এই ধরনের উদ্বেগ বা অনুরোধ থাকলে তার জবাব দেওয়া হয়। এক্ষেত্রেও জবাব দেওয়া হয়েছে। জবাবে বাংলাদেশের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।’

জবাবে কি বলা হয়েছে, জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘পরিস্থিতির সঙ্গে এই রায় সঙ্গতিপূর্ণ, এই বার্তা দেওয়া হয়েছে।’

এর আগে জাতিসংঘ, ইইউসহ বিভিন্ন বৈশ্বিক জোট অপরাধের সাজা হিসেবে মৃত্যুদণ্ডকে সমালোচনা করে এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য সরকারকে অনুরোধ জানায়।

ইইউ এক বিবৃতিতে বলে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু থেকেই পর্যবেক্ষণ করে আসছে সংস্থাটি। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত সংস্থাটি মৃত্যুদন্ডের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছিল, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা সরকারের প্রতি আহবান জানাচ্ছে, অপরাধের সাজা হিসেবে মৃত্যুদন্ডকে স্থগিত করে এর বিপরীতে অন্য কোনো সাজা দেওয়া হোক।

এসএইচ