বিনা বিচারে এক যুগের বেশি সময় ধরে কারাগারে থাকা নেত্রকোনার গারো তরুণ লিটনসহ সাতজনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে তাদের আগামী ২৪ জানুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিনা বিচারে বন্দি এই সাতজন হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, রাজধানীর বাড্ডার সাইদুর রহমান, মতিঝিলের মাসুদ, কেরানীগঞ্জের রাজীব হোসেন, গাজীপুরের বোর্ড বাজারের বাবু, ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোনার গারো তরুণ লিটন। এরা সবাই বিভিন্ন মামলায় এক যুগের বেশি সময় ধরে কাশিমপুর-২ কারাগারে বন্দি রয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেল এই সাতজনকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে। প্রচারিত এই প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী বেহেশতী মারজান। এরপর আদালত আদেশ দেন।

রাসেল শেখ

কুষ্টিয়া সদরের আইয়ুব শেখের ছেলে রাসেল শেখ ২০০৪ সালে কাফরুল থানায় একটি মামলায় ওই বছরের ১১ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ ঢাকায় বিচারাধীন এ মামলায় তাকে এ পর্যন্ত ৫৫ কার্যদিবস আদালতে হাজির করা হয়েছে।

সাইদুর রহমান

বাড্ডার আদর্শনগরের তাইবুর রহমানের ছেলে সাইদুর রহমান নারী নির্যাতনের এক মামলায় ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন। ঢাকার নারী ও শিশু আদালত-৪ বিচারাধীন এ মামলায় সাইদুরকে ৫৯ বার আদালতে হাজির করা হয়।

রাজীব হোসেন

কেরাণীগঞ্জের ইমানদীপুরের মাহবুব আলমের ছেলে রাজীব হোসেন খিলগাঁও থানায় দায়ের করা এক মামলায় ২০০৩ সালের ৬ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪ ঢাকায় বিচারাধীন এ মামলায় তাকে ৪৪ কার্যদিবস আদালতে হাজির করা হয়েছে।

মো. পারভেজ

ব্রাহ্মণবাড়িয়ার পৈতলার চান মিয়ার ছেলে মো. পারভেজ কোতোয়ালী থানায় নারী নির্যাতনের অভিযোগে করা এক মামলায় ২০০৪ সালের ২ জুলাই থেকে কারাগারে রয়েছেন। ঢাকার নারী ও শিশু আদালত-৩ বিচারাধীন এ মামলায় পারভেজকে ৪২ কার্যদিবস আদালতে হাজির করা হয়েছে।

মাসুদ

মতিঝিলের ওবায়দুর রহমানের ছেলে মাসুদ শ্যামপুর থানার এক মামলায় ২০০৩ সালের ১ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ ঢাকায় মামলাটি বিচারাধীন রয়েছে।

বাবু

গাজীপুরের জয়দেবপুরের বোর্ডবাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে বাবু রমনা থানায় দায়ের হওয়া নারী নির্যাতনের এক মামলায় ২০০৩ সালের ১১ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। ঢাকার নারী ও শিশু আদালত-৩ বিচারাধীন এ মামলায় বাবুকে ৪৪ কার্যদিবস আদালতে হাজির করা হয়েছে।

লিটন

নেত্রকোনার কমলাকান্দার চেংগিনি এলাকার প্রসেন সাংমার ছেলে লিটন উত্তরা থানায় দায়ের হওয়া এক মামলায় ২০০৫ সালের ২৩ জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৮ ঢাকায় বিচারাধীন এ মামলায় তাক ৫৮ কার্যদিবস আদালত হাজির করা হয়েছে।

এমই