আদালত অবমাননার অভিযোগ থেকে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদসহ ৪ জনকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার তাদের অব্যাহতির আদেশ দেন।

বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেওয়া এবং সেই বক্তব্য প্রকাশ করায় ২০১৪ সালের ৩ আগস্ট দৈনিক সংগ্রামের সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন ট্রাইব্যুনাল।

পত্রিকাটিতে ‘একাত্তর সালে আজহার নামে কোনো রাজাকার কমান্ডারের নাম শুনিনি’ এবং ‘১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে আজহার নামে কোনো ছাত্রনেতা ছিলেন না’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার ইকরামুল হক দুলু ও সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সরকার রাঙ্গার উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদন দু’টি প্রকাশ করা হয়।

পরবর্তী সময়ে প্রতিবেদন আদালতের নজরে আসলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন।

জেএ