ইসলামী ফ্রন্ট নেতা নূরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় টিভি উপস্থাপক তারেক মনোয়ারসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্টের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইমরান হুসাইন তুষার মামলাটি দায়ের করেন।
তবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা আমলে নেবেন কিনা পরে জানাবেন।
মামলায় আসামি করা হয়েছে, টিভি উপস্থাপক তারেক মনোয়ার, নরসিংদী জামেয়া কাশেমিয়া মাদ্রাসার অধ্যক্ষ কামাল উদ্দিন জাফরী, কাজী ইব্রাহীম, আরকানুল্লাহ হারুনী, খালেদ সাইফুল্লাহ বখশী, মুখতার আহমদ। আসামিরা সবাই বিভিন্ন টিভি চ্যানেলের উপস্থাপক ও আলোচক।
গত ২৭ আগস্ট সন্ধ্যায় শেরে বাংলানগর থানাধীন ১৭৪ পূর্ব রাজাবাজারে নিজ বাসায় খুন হন ফারুকী।
এ ঘটনায় নিহতের ছেলে ফয়সাল ফারুকী শেরে বাংলানগর থানায় দণ্ডবিধির ৩৯৬ ধারায় একটি ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার বাদী তুষার অভিযোগ করেন, নূরুল ইসলাম ফারুকীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ থানা এটিকে ডাকাতি করতে গিয়ে হত্যার ধারায় মামলা গ্রহণ করেছে।
বাদীর দরখাস্তে অভিযোগ করা হয়, ২০১০ সালের জানুয়ারি মাসে সুনামগঞ্জে জামায়াত শিবিরের উগ্রপন্থিরা তাকে হত্যার চেষ্টা করে।
২০১২ সালে ময়মনসিংহের ত্রিশালে কাজী ইব্রাহিম তাকে হত্যার হুমকি দেয়।
মামলায় উল্লেখ করা হয়, গত ২২ আগস্ট ‘অ্যাসোসিয়েশন অব ইসলামী মিডিয়া পারসোনালিটি’ আয়োজিত এক মিটিংয়ে ১নং আসামি তারেক মনোয়ার বলেছিলেন, ‘আমরা সবাই এক থাকলে ফারুকীর মত শেরেকী বেদাতের গোষ্ঠীকে পুড়িয়ে মেরে ফেলা যাবে। এ সময় অন্যান্য আসামিরা তাকে সমর্থন দিয়ে বিভিন্ন উক্তি করেন।
বাদীর দাবি, ফারুকীর হত্যাকাণ্ড ডাকাতি করতে গিয়ে খুন নয় বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই মামলাটির সঙ্গে দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করা দরকার।
মামলার শুনানিতে বিচারক মৌখিকভাবে বাদী ও তার আইনজীবীদের জানান, থানায় করা মামলা আদালতে দরখাস্ত দিয়ে অন্য বক্তব্য সংযোজন করার সুযোগ নেই। মামলার তদন্ত কর্মকর্তা কিংবা থানায় করা মামলার বাদী নিহত ফারুকীর ছেলে ফয়সাল ফারুকীর আবেদনক্রমে তা বিবেচনা করা যেত। অন্য কারো বক্তব্য বিবেচনা করার সুযোগ নেই।
তিনি মামলা সংক্রান্ত আদেশ পরে দেবেন বলে জানান।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেছেন অ্যাডভোকেট আলী আহসান মোল্লা।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





