রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ দোকানে এক জুয়েলার্স মালিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যাত্রাবাড়ী থানাধীন মিরহাজিরবাগে বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন দোকানে এই ঘটনা ঘটে। আজ (১৮ জুন) বুধবার ভোর৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের নাম ইউনুস সরকার(৩৬)। তিনি সাথী জুয়েলার্সের মালিক। রাতে দোকানে ঢুকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, গতরাত২টার দিকে ৩ জন অজ্ঞাত যুবক দোকানে ঢুকে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় তার মৃত্যু হয়।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের ভাগিনা মো. আনিছ জানান, তার মামা সাধারণত রাতে দেরি করে দোকান বন্ধ করেন। তিনি সাথী জুয়েলার্সের পাশাপাশি মুদি দোকানের ব্যবসাও করেন। মঙ্গলবার (১৮ জুন) রাতে দোকান বন্ধ করার সময় তিনজন অজ্ঞাত যুবক দোকানে ঢুকে তাকে বুকে ছুরিকাঘাত করলে তার চিৎকারে তারা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে যায়। আনিছ জানান, দুর্বৃত্তরা দোকান থেকে টাকাপয়সা নিয়ে গেছে কিনা তা এখনও জানা যায়নি। দোকান খুললে জানা যাবে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত ইউনুস সরকার কুমিল্লা দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের দিলু সরকারের ছেলে। তিনি মিরহাজিরবাগে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বাসার পাশেই বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন দোকানটি তার। তিনি এক মেয়ের জনক ছিলেন।

এমবি