হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ উদ্ধারের ঘটনায় ইমরান নামের এক বিমানকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকালে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিমানবন্দরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার ইমরানের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৪ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত দুবাই থেকে আসা বিজি-৪৬ বিমানের কার্গো হোল্ডারের চেম্বার (মালামাল রাখার স্থান) থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

ওই সময় কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার মো. রিয়াদুল করীম জানান, বিমানটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে বুধবার সকাল সাড়ে ১২টায় ঢাকায় আসে। সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানটির কার্গো হোল্ডারের চেম্বার থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১৪ কেজি। আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।

এমকে