পরীক্ষা ছাড়া ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি অবৈধ ঘোষণা করে ভর্তি নীতিমালা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। তবে এ বছর মেধার ভিত্তিতে ভর্তির ক্ষেত্রে কোনো বাধা নেই বলেও রুলে বলা হয়েছে।

গত ১০ জুন পরীক্ষার মাধ্যমে কলেজে ভর্তির নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একাদশ শ্র্রেণীতে ভর্তি নীতিমালা-২০১৫ কে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আবেদন করা হয়েছে। একই সাথে রুল শুনানি শেষ না হওয়া পর্যন্ত নীতিমালাটি স্থগিত রাখারও নির্দেশ চাওয়া হয়েছে।

তিনি বলেন, নীতিমালাটি সংবিধানের ৭, ২৭, ২৮, ২৯ সহ বেশ কয়েকটি অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। একাদশ শ্রেণির নতুন ভর্তি নীতিমালাতে বলা আছে, পরীক্ষা নয় বরং মাধ্যমিকের ফলাফলের ওপর ভিত্তি করে মেধা তালিকা অনুযায়ী একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হবে।

এসএইচ