পদত্যাগ করেছেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো: মোমতাজ উদ্দিন ফকির। 

আজ (১১ অক্টোবর) রোববার সকালে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বরাবর দু’জনেই নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর ফলে বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত আছেন শুধু এসএম মুনির।

এদিকে, আজ সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশের ১৬ তম অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিন।

সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো: মোমতাজ উদ্দিন ফকির নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত। এর বাইরে কিছু হয়নি।” 

তিনি ২০১০ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুরাদ রেজাও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনিও তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে গত ০৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের ১৬ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। এ এম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও দুই মেয়াদে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫ তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এমবি