উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার দুই সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানের কর্মচারী রাব্বি ও সোহেল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে সাক্ষ্য প্রদান করেন। এর আগে গত ১২ এপ্রিল মামলার বাদী একরামের বড়ভাই রেজাউল হক জসিম সাক্ষ্য দিয়েছিলেন।

বুধবার দুপুর ২টার কড়া নিরাপত্তার মধ্যে গ্রেপ্তারকৃত ৪৪ আসামির মধ্যে সব আসামিকে আদালতে উপস্থিত করা হয়। এ মামলার চার্জশিটে ৫৬ জন আসামির নাম থাকলেও গ্রেপ্তার হয়েছেন ৪৪ জন।

এদের মধ্যে ৪ জন আসামি জামিনে রয়েছেন। পলাতক রয়েছেন ১২ জন আসামি। গ্রেপ্তারকৃত আসামির মধ্যে প্রভাবশালী ৬ আসামিকে কুমিল্লা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ফেনীর আদালতে আনা হয়।

২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেন।

হত্যার পর নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২৮ আগস্ট ৫৬ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ওএফ