সাতক্ষীরার কালীগঞ্জে সন্ত্রাসীদের দুগ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে জোড়া খুন মামলার এক আসামি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সুলতানের মোড়ে প্রধান সড়কের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের নাম নোভা সরদার (৫৫)। তিনি কালীগঞ্জের নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামের ঠাণ্ডাই সরদারের ছেলে।
কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সুলতানের মোড়ে প্রধান সড়কের কাছ থেকে আজ রোববার সকালে নোভা সরদারের গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে একটি পিস্তল, কয়েকটি গুলি, রামদা ও বোমা উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান দাবি করেন, ভোরে তিনি খবর পান, সুলতানের মোড়ে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গ্রামবাসীর সহায়তায় নোভা সরদারের লাশটি শনাক্ত করেন।
ওসি আরো বলেন, ‘থানার রেকর্ডপত্র ঘেঁটে জানা যায়, নোভা সরদার একজন ভাড়াটে খুনি। তাঁর বিরুদ্ধে জোড়া খুনসহ চারটি হত্যা ছাড়া আরো ১২টি মামলা রয়েছে। পুলিশ তাঁকে অনেক দিন ধরে খুঁজছিল।’
‘প্রাথমিক তদন্তে জানা গেছে, খুন-খারাবি নিয়ে দুই পক্ষের সন্ত্রাসীদের মধ্যে কোনো কারণবশত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন নোভা,’ যোগ করেন ওসি।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক সুধাংশু কুমার জানান, লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি কাজ সেরে ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এএস





