নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে দুর্নীতির একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আজ (বুধবার) ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন। এর আগে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৪ মে দিন ধার্য করেছেন আদালত। মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১ আগস্ট নূর হোসেনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক জুলফিকার আলী এ মামলা করেন।
মামলায় বলা হয়, নূর হোসেন দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন সেখানে ২ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। আর ৩ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখল করেছেন।
নূর হোসেনের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(১) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়। চলতি মাসের ৩ তারিখ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ এ মামলায় নূর হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন করে।
এমবি





