রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ‘নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) ৬ সদস্যকে গ্রেফতার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছে, তাঁরা দেশের প্রগতিশীল আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনা করছিল।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মনিরুল।

গ্রেফতারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম ওরফে জোহা (২৩), আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯), মোহাম্মদুল্লাহ আদনান (১৯), মেহেদি হাসান ইমন ওরফে আবু হামজা (২১), খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব (১৯) ও শামসুদ্দিন আলামিন।

মনিরুল ইসলাম জানান, গতকাল রোববার দিবাগত রাতে নিউমার্কেটের নিউ সুপারমার্কেট এলাকা থেকে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। সেখানে ১০ থেকে ১১ জন নব্য জেএমবি সদস্য সরকার ও রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনাসহ ধর্মীয় উগ্রবাদের বিরোধিতাকারী প্রগতিশীল আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনার উদ্দেশ্যে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে মুঠোফোন, বিভিন্ন কাগজ, নোটবুক, জঙ্গিসংশ্লিষ্ট তথ্যসমৃদ্ধ পেনড্রাইভ, মেমোরি কার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

এমবি