একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সাথে পরিবারের ৯ সদস্যের সাক্ষাত হয়েছে।
আজ বুধবার দুপুর ২টার দিকে পরিবারের ৯ সদস্য মীর কাশেম আলীর সাথে সাক্ষাত করেন।
পরিবারের সদস্যরা হলেন মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন, পুত্রবধূ সাহেদা ফাহমিদা আক্তার, মেয়ে তাহেরা তাসমিম ও সুমাইয়া রাবেয়া, তাহসিনা আক্তার, ভাতিজা হাসান জামান খান ও তিন শিশু। তাদের নাম জানা যায়নি।
সাক্ষাত শেষে মীর কাশেমের স্ত্রী জানান, ছেলের সন্ধান না -পাওয়া পর্যন্ত প্রাণভিক্ষার বিষয়ে কোন সিদ্ধান্তের কথা জানাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
এছাড়া মীর কাশেম আলী জানিয়েছেন, তার ছেলে একজন ব্যারিষ্টার। তাই ছেলের সঙ্গে এবং আইনজীবিদের সঙ্গে আরো আলাপ-আলোচনা করে বিস্তারিত পরে জানাবেন।
এদিকে, আজ (বুধবার) সকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে রায় পড়ে শুনানো হয়েছে।
এ সময় তার কাছে প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি পরিবার ও আইনজীবীদের সাথে দেখা করে সিদ্ধান্ত নিবেন বলে জানান জেল সুপার।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ কর্তৃপক্ষ তাকে রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শোনানোর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা জানান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, সকাল সাড়ে ৭টার দিকে মীর কাসেম আলীকে রায় পড়ে শোনানো হয়েছে।
এ সময় মীর কাসেম আলীকে কিছুটা চিন্তিত মনে হয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না জানতে চাইলে তিনি পরিবার ও আইনজীবীদের সাথে দেখা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান।
তিনি বলেন, সময় চাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এর আগে মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ সংক্রান্ত রায়ের কাগজ ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পৌঁছে।
প্রশঙ্গত, মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। রেডিওর মাধ্যমে মঙ্গলবার সকালে কাসেম আলী রিভিউ আবেদন খারিজের রায় শুনেছেন।
মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি রয়েছেন। তবে তার মৃত্যুদণ্ড কেরানীগঞ্জের নতুন কারাগারে, নাকি কাশিমপুর কারাগারে কার্যকর হবে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
এসএম





