বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শফিউল ইসলাম ফারাবী নামে এক জনকে আটক করেছে র্যাব। আটক ফারাবী এ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ব্যক্তি বলে জানিয়েছে র্যাব।
দুপুর ২ টায় র্যাব এর হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির কাছে ফুটপাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অভিজিৎকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার সঙ্গে থাকা স্ত্রী রাফিদা আফরিন বন্যাও গুরুতর আহত হন। ঘটনার সময় তারা বই মেলা থেকে বাসায় ফিরছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কালেজ হাসপাতালে মারা যান অভিজিৎ।
এ ঘটনায় শুক্রবার সকালে শাহবাগ থানায় মামলা দায়ের করেন নিহত অভিজিতের বাবা শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়।
অভিজিৎ এবং রাফিদা যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। কয়েকদিন আগে তারা দেশে ফেরেন। বই মেলায় অভিজিতের দু’টি বই বেরিয়েছে। ‘মুক্তমনা’ নামে একটি ব্লগের প্রতিষ্ঠাতা তিনি। ওই ব্লগে সাম্প্রদায়িক ও উগ্রধর্মীয় চেতনাবিরোধী লেখালেখি করতেন তিনি।

এএইচ, কেবি





