সাবেক পুলিশ কর্মকর্তার মেয়েকে চুমু খাওয়ার দায়ে খালাতো বোনের স্বামীকে শ্রীঘরে যেতে হয়েছে।
টাঙ্গাইল পৌর এলাকার আদি টাঙ্গাইল গ্রামে এ ঘটনা ঘটে। সাবেক পুলিশ কর্মকর্তা মো. শাহানুর আলম বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় ভাগনী জামাইয়ের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, বিশ্বাস বেতকা এলাকার আখতারুজ্জামান শাহীন তার স্ত্রীর মামাতো বোনকে ঈদের দিন মোটর সাইকেলে নিয়ে ঘুরতে বের হন। এসময় জোরপূর্বক তার গালে চুমুও খান শাহীন।
বিষয়টি পরবর্তীতে ওই মেয়ে বাসায় জানালে সাবেক পুলিশ কর্মকর্তা শাহানুর আলম তা থানাকে অবহিত করেন। এর পর বৃহস্পতিবার শাহীনকে আটক করে পুলিশ।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান জানান, এঘটনায় ১০ ধারায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে অভিযুক্ত আখতারুজ্জামান শাহীনের স্ত্রী বলেছেন, শাহানুর আলম আমার আপন মামা। ১৪ বছরের মামাতো বোন শাহীনের মামাতো শ্যালিকা। সেই সুবাদে প্রায়ই সে শাহীনের মোটর সাইকেলে ঘুরে বেড়াতো। ঈদের দিন রাতেও তারা বেড়াতে যায়।
তার স্বামী নির্দোষ দাবি করে শাহীনের স্ত্রী বলেন, মামার কাছে পাওনা টাকা চাওয়াতেই তিনি ক্ষিপ্ত হয়ে এ ধরনের মামলা করেছেন।
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





