জাতীয় সম্প্রচার নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি মঙ্গলবার হচ্ছে না। রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ মঙ্গলবার ওই রিটের শুনানি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় আনার জন্য আবেদন করেন।
এ বিষয়ে শুনানি শেষে আদালত রিটের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
ইউনুস আলী আকন্দ এসব বিষয়ে নিশ্চিত করেছেন।
সোমবার জাতীয় সম্প্রচার নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। মঙ্গলবার তার শুনানি হওয়ার কথা ছিল।
রিটে সদ্য গেজেট হওয়া নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আরজি জানানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেছিলেন।
তিনি জানান, জাতীয় সম্প্রচার নীতিমালা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এটি সংবিধানের ১১, ২৬ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





