নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে মুক্তি না দিলে নাগরিক ছাত্র ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারী দিয়েছে।

রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ হুঁশিয়ারী উচ্চারণ করেন।

সিটি নির্বাচনকে কেন্দ্র করেই সরকার মাহমুদুর রহমান মান্নাকে কারাবন্দী করেছে এমন অভিযোগ করে বক্তারা বলেন, মান্না যখন দেশের সংকটাবস্থা রোধে সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার লক্ষে কাজ শুরু করেছেন তখন সরকার তাকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে বন্দী করে রেখেছে। অসুস্থ মান্নাকে সঠিক চিকিৎসাও দেয়া হচ্ছেনা।

সুস্থ রাজনৈতিক ধারার ধারক মান্নাকে পরিকল্পিতভাবে শুধু অসুস্থ রাখাই হচ্ছে না, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, সদস্যসচিব মুঈদ হাসান তরিৎ, সদস্য শরিফ আকন্দ, রাজশাহী জেলা সদস্য ই জেড প্রিন্স প্রমুখ।

এমএ/এমকে