মাদারীপুরে দুই স্কুল ছাত্রী নির্যাতনের পর হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ৩ আসামিকে ৭ দিনের রিমান্ডে দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
শনিবার বেলা ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কে এম জাকারিয়া এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাজাহান মিয়া জানান, গ্রেফতার হওয়া ৩ আসামিকে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রবিক হোসেনকে শনিবার সকালে কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী গ্রাম থেকে আটক করা হয়। বাকী শিপন ও রফিককে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করা হয়।’
পুলিশ সুপার সরোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার ও তার সহপাঠি প্রতিবেশী মস্তফাপুর গ্রামের হাবিব খার মেয়ে এবং ঐ স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী হ্যাপী আক্তার নিখোঁজ হয়।
বিকেলে অচেতন অবস্থায় ৪ যুবক ওই দুই ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে রেখে দুইজন পালিয়ে যায়। ওই দুই মেয়ের পরিবার লোকমুখে খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুমাইয়া ও তার বান্ধবী হ্যাপীর লাশ দেখতে পায়।
পুলিশ সন্ধ্যায় হাসপাতাল এলাকা থেকে শিপন ও রফিক নামে দুই যুবককে আটক করে। শনিবার সকালে আরেকজনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ৭ জনকে আসামি করে হত্যা মামলা আমলে নেয়া হয়েছে। গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট মনিটরিং তদন্ত সেল।
উল্লেখ্য, বৃহস্পতিবার সদর উপজেলার মস্তফাপুর গ্রামের বেল্লাল শিকদারের মেয়ে সুমাইয়া আক্তার ও তার সহপাঠি প্রতিবেশী মস্তফাপুর গ্রামের হাবিব খার মেয়ে হ্যাপী আক্তারকে নির্যাতন শেষে হত্যা করে বখাটেরা।
এসএইচ





