মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামালপুরের আট জনের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। অন্য দুই বিচারপতি হলেন- বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আফতাব হোসেন, আবদুল মান্নান ও আবদুল বারী। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- অ্যাডভোকেট শামসুল হক, ইউসুফ আলী, শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. হারুন ও মো. আবুল কাসেম।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে আট আসামির বিরুদ্ধে রায় পড়া শুরু করেন বিচারপতিরা। মোট ২৮৯ পৃষ্ঠার রায়ের মূল অংশের প্রথমাংশ পাঠ করছেন বিচারপতি মো. সোহরাওয়ারদী।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালের কাঠগড়ায় ছিলেন অ্যাডভোকেট শামসুল হক এবং এস এম ইউসুফ আলী।

আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও মরদেহ গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে ছিল তিনটিই প্রমাণিত হওয়ায় এসব সাজা দেন ট্রাইব্যুনাল।

মামলার আট আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুল হক এবং এস এম ইউসুফ আলী কারাগারে আছেন। তাদেরকে সকাল ৯টার দিকে পুলিশি প্রহরায় ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে।

পলাতক রয়েছেন ছয়জন। এরা হলেন- মো. আশরাফ হোসেন, ইসলামী ব্যাংকের প্রাক্তন পরিচালক অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল বারী, মো. হারুন ও মো. আবুল কাসেম।

এমই