হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব এবং নবজাতকের মৃত্যুর ঘটনায় এক নারীকে কেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

একইসঙ্গে ওই নারীকে চিকিত্সা দিতে ব্যর্থ হওয়ায় দোষীদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এই আদেশ দেন।

এছাড়া, ঘটনা তদন্ত করে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এবং আজিমপুর শিশু মাতৃসদনের সুপারকে ঘটনার তদন্ত করে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালত বলেছে, মাত্র দেড় হাজার টাকার জন্য রাস্তায় সন্তান প্রসব অত্যন্ত দুঃখজনক। একটা সভ্য ও গণতান্ত্রিক দেশে এটা মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা সরকারের সেবা সংস্থাসমূহের অবহেলার দৃষ্টান্ত হয়ে থাকবে।

পারভিন আক্তার নামের এক নারী মঙ্গলবার প্রসব বেদনা ওঠার পর ঢাকা মেডিক্যাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ আজিমপুর শিশু মাতৃসদনে গিয়েও চিকিত্সা পাননি।

পরে রাস্তার ওপরেই ওই নারী সন্তান প্রসব করেন। কিছুক্ষণ পরই নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট এ আদেশ দেয়।

এমবি