দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে ‘দুই আনার মন্ত্রী’বলে আখ্যায়িত করার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ১ এ দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা মামলা খারিজ হয়েছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম মঙ্গলবার এ মামলা করেন।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত ১১ নভেম্বর খুলনা সার্কিট হাউস ময়দানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্টমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে ‘দুই আনার মন্ত্রী’বলে আখ্যায়িত করেন। এতে দেশের সব মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছেন তিনি। জাতি হিসেবে আমরা দেশে ও বহির্বিশ্বে অসম্মানিত হয়েছি বলে তিনি উল্লেখ করেছেন।
এই মন্তব্যে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ ও দেশের মানুষকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ম করা হয়েছে। বাদীর মর্যাদা ও মান-সম্মান হানিসহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের বিঘ্ন ঘটেছে। এ ছাড়া এতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনীতি ক্ষতির সম্মুখিন হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সৈয়দ আশরাফুল ইসলামের অহেতকু মন্তব্যে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটেছে। এতে উভয় দেশের জনগণের মানসিক, সামাজিক ও আত্মিক সংকটের সৃষ্টি হয়েছে। উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে বলেও মনে করেন তিনি।
কেএইচ





