সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ বলে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন রাষ্ট্রপক্ষ।
রায়ের পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, আগামী রোববার (০৮ মে) রায়ের স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানাবো।
বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। এর ফলে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে যাচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের এ রায় দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ। বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন- বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামাল।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ রায়ে আমরা সংক্ষুব্ধ। আমাদেরকে আপিলের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আপিল বিভাগে আপিল করবো। এজন্য রোববার রায়ের স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আবেদন জানাবো।
ওএফ





