মানহানির এক মামলায় আগামী ৫ আগস্ট ফেনীর বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীসহ ৪ জনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে সিএমএম আদালত।
বুধবার মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগের দায়ের করা মানহানির মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক এ নির্দেশ দেন।
এদিন সকালে সনজরী গ্রুপের মালিক ও হজ্ব এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি আলহাজ্জ শেখ আব্দুল্লাহ আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন, দৈনিক হাজারিকা প্রতিদিন পত্রিকার প্রকাশক মো. ইব্রাহিম পাটোয়ারী, প্রধান প্রতিবেদক মো. যোবায়ের ও প্রতিবেদক যতন মজুমদার। পত্রিকাটির সম্পাদক হিসেবে জয়নাল হাজারিকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা দৈনিক হাজারিকা প্রতিদিন পত্রিকায় গত ২৯ জুন ‘একরামের কুলখানী বয়কট আওয়ামী লীগ নেতাকর্মীদের’শিরোনামে সাংবাদ প্রকাশ করেন। যেখানে বলা হয়, নিহত একরামের কুলখানিতে ২০ হাজার লোকের খাওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু আ. লীগ নেতাকর্মীরা কুলখানিতে অংশ না নেয়ায় অর্ধেক খাবারই থেকে যায়।
প্রতিবেদনে আরো বলা হয়, ‘ওই কুলখানিতে মামলার বাদী শেখ আব্দুল্লাহর তৎপরতায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বুঝতে পারেন যে এই কুলখানির আয়োজক বা অর্থদাতা একরামের অন্যতম খুনি শেখ আব্দুল্লাহ এবং তাকেই ফুলগাজি উপজেলার চেয়ারম্যান করার ষড়যন্ত্র হিসেবে এই কুলখানির আয়োজন।’
বাদীর অভিযোগ একরাম হত্যার মামলার এজাহারে বাদীর নাম না থাকা এবং এমনকি তাকে সন্দেহ না করা সত্বেও আসামিরা তাদের পত্রিকায় একরাম হত্যাকাণ্ডে বাদী জড়িত মর্মে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করে বাদীর মানহানি করেছেন।
বাদীপক্ষে অ্যাডভোকেট কাজী নজিব উল্ল্যাহ হিরু ও অ্যাডভোকেট মো. আবু সায়েম মামলাটি পরিচালনা করেন।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





