সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি ড.খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিদেশে ৯ কোটি ৫৪ লাখ টাকা পাচার মামলার চার্জশিট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে পরিচালক নাসিম আনোয়ার এ মামলার চার্জশিট আদালতের সংশ্লিষ্ট শাখায় দাখিল করেন। গত ৭ আগস্ট দুদকের নিয়মিত সভায় এ মামলার চার্জশিট আদালতে দাখিলের অনুমোদন দেয়া হয়।

গত ৬ ফেব্রুয়ারি দুদকের পক্ষে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে রমনা মডেল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৩ এর ১৩ ধারা এবং ২০০৯ এর ৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মদ্রা গোপন করে যুক্তরাজ্যের ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা (আট লাখ ৪ হাজার ১৪২ দশমিক ১৩ বৃটিশ পাউন্ড) পাচার করেছেন সাবেক এ মন্ত্রী। আর তার এবং স্ত্রী বিলকিস আক্তারের যৌথ ব্যাংক হিসাবে (হিসাব নম্বর ১০৮৪৯২) ওই অর্থ পাচার করা হয়েছে।

জানা যায়, মামলাটি আগে উপপরিচালক আহসান আলী এবং পরে পরিচালক নাসিম আনোয়ার তদন্ত করে দুদকে প্রতিবেদন জমা দেন।

গত ১২ মার্চ দিবাগত রাতে গুলশান-২ এর ৫৫ নম্বর রোডের নিজ বাসভবন থেকে ড. খন্দকার মোশাররফকে গুলশান থানা পুলিশের সহযোগিতায় দুদক গ্রেফতার করে। পরদিন ১৩ মার্চ তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে ড. খন্দকার মোশাররফ হোসেন কারাগারে আছেন।

গত ৮ এপ্রিল এ মামলায় আসামি ড. খন্দকার মোশাররফ হাসেনের স্ত্রী বিলকিস আক্তারকে জিজ্ঞাসাবদ করেন তদন্ত কর্মকর্তা।

ঢাকা,একে, ১৪ আগস্ট,টাইমনিউজবিডি.কম, এআর