মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার রায় দেয়া হবে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায়। মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার পুরাতন হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। মামলাটি আজ কার্য তালিকায় আসলে আগামীকাল রায় ঘোষনা হবে মর্মে আদেশ দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রেজিষ্টার মো:মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, নিজামীর স্বাস্থ্যর ব্যাপারে কোনো না বোধক তথ্য আমাদের কাছে নাই। ট্রাইব্যুনাল পক্ষ থেকে এবং সরকারের পক্ষ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করবে। আগামীকাল সকালে তাকে আদালতে হাজির করার জন্য আইজি প্রিজন, কাশিমপুর কারাকর্তৃপক্ষকে ফ্যাক্স ও মোবাইলে বার্তা পাঠানো হয়েছে।
গত ২৪ মার্চ মামলাটির যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। এর ৭ মাসের মাথায় রায় ঘোষিত হতে যাচ্ছে।
উল্লেখ্য,গতবছরের ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল প্রথম মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ তালিকায় রাখেন। এরপর একই বছরের ২০ নভেম্বর তৎকালীন বিচারপতি এ টি এম ফজলে কবীর দ্বিতীয় দফা অপেক্ষমান (সিএভি) রাখে ট্রাইব্যুনাল।
৩য় বারের মতো ২৪ মার্চ, ২০১৪ইং তারিখ সোমবার আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর নতুন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। এবং ২৪জুন, ২০১৪ইং তারিখে ৪র্থ বারের মতো রায়ের জন্য অপেক্ষমাণ তালিকায় রাখেন।
কেএ/কেএইচ





