পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন আবার পেছাল। আগামী ২৪ ফেব্রুয়ারি নতুন দিন ধার‌্য করেছেন আদালত।

মঙ্গলবার আভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মির্জা ফখরুল আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদ জামান নতুন তারিখ ধার্য করেন।

জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে কাউকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার হুমকি দেন। ওই দিন কলাবাগান থানা এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সোনারগাঁও রোডে বিএনপি ও জামায়াতের ৩০-৪০ জন কর্মী পুলিশের কর্তব্যকাজে বাধা দেন ও ইটপাটকেল নিক্ষেপ করে পথযাত্রীকে আহত করেন। ঘটনার দিন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ সিকদার বাদী হয়ে একটি মামলা করেন।

২০১৪ সালের ২০ অক্টোবর আদালতে ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ।

এমএইচ