পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে একজন স্বামী। নির্মম ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার পাশে আশুলিয়ার জামগড়া এলাকায়। ঘটনার সত্যতা স্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, নিহতের নাম রীনা আক্তার (২২)। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার দামুরহাট থানার বোটবাড়ি গ্রামে। তার বাবার নাম গিয়াস উদ্দিন।
এ ব্যাপারে নিহতের ভাই সোহেল জানান, ৫ বছর আগে তার বোন রীনা আক্তারের (২২) সঙ্গে যশোর সদর এলাকার রিপন হাসানের (২৮) বিয়ে হয়।বিয়ের পর থেকেই রীনা আক্তার তার স্বামীর সঙ্গে আশুলিয়ার জামগড়া এলাকায় ওই ভাড়া বাসায় থাকতো। সে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো।
রীনাকে বিয়ে করার দুই বছর পর ওকে না জানিয়েই রিপন নিজ এলাকা যশোরের আরেকটি মেয়েকে বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো।
আর ঝগড়ার জের ধরে বৃহস্পতিবার বিকেলে রিপন তার স্ত্রী রীনাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়।
ঘটনাস্থল ত্যাগ করার পর রিপন নিহতের ভাই সোহেলের মুঠোফোনে কল করে রীনাকে হত্যার বিষয়টি জানালে পরিবারের লোকেরা ওই বাড়িতে ছুটে যান।
এ সময় তালা ভেঙে ঘরের ভেতরে রীনা আক্তারের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ০৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই





