ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা পদত্যাগ করছেন।

আজ (শুক্রবার) প্রেসিডেন্ট আবদুল হামিদ বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার পদত্যাগের বিষয়টি অবগত আছি।

এর আগে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি পদে নিয়োগ পান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ (শুক্রবার) দুপুরে তার নিয়োগাদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন বঙ্গভবনের মুখপাত্র মো. জয়নাল আবেদীন। গণমাধ্যমকে তিনি বলেন, শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

গত বছরের ৫ অক্টোবর ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার জায়গায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আপিল বিভাগের এই জ্যেষ্ঠ বিচারপতি।

আবদুল ওয়াহ্হাব মিঞা ১৯৭৪ সালে বিচারিক আদালতে কর্মজীবন শুরু করেন। ১৯৭৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। সিনিয়র আইনজীবী হিসেবে পেশা শুরু করেন ১৯৮২ সালে।এরপর ১৯৯৯ সালে আপিল বিভাগে প্র্যাকটিস শুরু করেন।

১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব নেন। পরে ২০০১ সালের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা। এরপর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। 

এমবি