আগামী সোমবার ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হল-মার্ক গ্রুপের ঘনিষ্ট ২ প্রতিষ্ঠানের ১৪ মামলায় ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হতে পারে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত টিঁমের কর্মকর্তারা ইতোমধ্যে চার্জশিট দাখিলের প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের তদন্ত টিমের একজন কর্মকর্তা।
জানা যায়, গত ১ জুন দুদকের নিয়মিত বৈঠকে এ ১৪টি মামলায় ১২আসামির বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয়া হয়। ১২ আসামির মধ্যে সোনালী ব্যাংকের ১১ জন এবং টি অ্যান্ড ব্রাদার্স ও নকশী নীট প্রতিষ্ঠানের ১ মালিক রয়েছেন। আর সোনালী ব্যাংকের এ ১১ কর্মকর্তা আগের ১০ মামলার চার্জশিটভুক্ত আসামি।
দুদকের তদন্তে টি অ্যান্ড ব্রাদার্স, নকশী নীট এর ১৪ মামলায় ৩৫৪ কোটি ৫৫ লাখ ৮ হাজার ৭৯৪ টাকা আত্মসাতের বিষয়টি বেরিয়ে এসেছে।
গত বছর ১ জানুয়ারি রমনা মডেল থানায় দুদকের ৬ কর্মকর্তা বাদী হয়ে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফান্ডেড প্রায় ৩৭৩ কোটি টাকা লোপাটের ঘটনায় (প্রথমে ২৬ পরে ১) ২৭ টি মামলা দায়ের করেন। মামলাগুলো তদন্ত করেন উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী, উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভুইঞা, সহকারী পরিচালক মো: মশিউর রহমান প্রমুখ কর্মকর্তারা।
মামলার অভিযোগে বলা হয়, সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হল-মার্কের ঘনিষ্ট ৫ প্রতিষ্ঠান প্রায় ৩৭৩ কোটি টাকা আত্মসাৎ করে।
এদিকে গত ৬ মে-প্যারাগন নীট কম্পোজিট, ডিএনস্পোর্ট এবং খান জাহান আলী সোয়েটার বিরুদ্ধে প্রায় সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাতের ১০ মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় দুদক। পরে ১৫ জুন আদালতে ওই ১০ মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তারা।
ঢাকা, একে, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





