রাজধানীর উত্তরা পশ্চিম থানার ছাদ থেকে পড়ে এক সাংবাদিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার ৪ আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নজরুল ইসলাম (মিস্ত্রি), ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহমেদ ও তার সহযোগী জাহিদুল ইসলাম এবং আনিছুর রহমান।
নিহত শাহ আলম সাগর ‘সাপ্তাহিক অপরাধ দমন’ পত্রিকার প্রতিবেদক ছিলেন। ২ মার্চ রোববার সন্ধ্যা পৌণে ৮টার দিকে উত্তরা পশ্চিম থানা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হন বলে জানায় পুলিশ।
তবে থানা ভবনের ছাদ থেকে পড়ে নয় পুলিশি নির্যাতনে শাহ আলম সাগর মারা গেছেন বলে দাবি করেছে নিহতের স্ত্রী সোমা আক্তার।
সাপ্তাহিক অপরাধ দমন নামের পত্রিকার সাংবাদিক শাহ আলম ওরফে সাগর থানার ছাদ থেকে পড়ে মারা যান।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মোরশেদ আলী মৃধা বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহমেদের কাছে টাকা পেতেন নজরুল মিস্ত্রি। দীর্ঘদিন এই টাকা না দেওয়ায় নজরুল গত ২৩ ফেব্রুয়ারি থানায় একটি জিডি দায়ের করেন।
এই ঘটনা নিয়ে নিহত সাংবাদিক শাহ আলম সাগর একটি খবর প্রকাশ করেন। এতে বশির আহমেদ ক্ষিপ্ত হন। পরবর্তীতে ঘটনা নিয়ে থানায় আসেন বশির আহমদসহ সাংবাদিক সাগর।
এক পর্যায়ে বশির আহমেদ থানায় একটি জিডি করেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে সাংবাদিক সাগর থানার ছাদ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
সাংবাদিক নিহতের ঘটনায় স্ত্রী সোমা আক্তার সোমবার টাইম নিউজ বিডি’কে জানিয়েছিলেন, পুলিশ অমানুষিক নির্যাতন চালিয়ে তাঁর স্বামীকে হত্যা করেছে। স্বামী সাগরের শরীরে মারধর ও হাতে হাতকড়ার দাগ রয়েছে।
[b]ঢাকা, জেইউ, ৫ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) //এসএইচ[/b]