সিলেটে আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় আলী হায়দার, মুহিত আলম ও ইসমাইল হোসেন আবলুস নামে ৩ আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল হক আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত আসামিদের আদালতে হাজির করে রিমান্ড চান।

আদালতে মামলার ২নং আসামি আলী হায়দারের ১০দিন রিমান্ড চাওয়া হলে আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার সকালে তাকে আটক করা হয়।

আরেক আসামি মুহিত আলমের পাঁচদিন রিমান্ড শেষে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত মঞ্জুর করেন। ৮ জুলাই রাজনের মৃতদেহ গুম করতে গিয়ে জনতার হাতে আটক হন তিনি।

ইসমাইল হোসেন আবলুসেরও ৫ দিনের রিমান্ড শেষে পুনরায় ৭ রিমান্ডে নেওয়া হয়।

সিলেট জজ আদালতের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউটশন) আবদুল আহাদ চৌধুরী আসামিদের রিমান্ড মঞ্জুর হওয়ার কথা নিশ্চিত করেছেন।

চোর ‘অপবাদে’ ৮ জুলাই সকালে সিলেটের কুমারগাঁওয়ের একটি গ্যারেজে ডেকে নিয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত দেশে ৯ জন ও সৌদি আরবে ১জনকে আটক করা হয়।

এসএইচ