রাজধানীর আজিমপুরে কনকর্ড গ্রুপের নির্মাণ করা ১৮ তলা ভবন নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানাকে ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দিতে বলা হয়েছে।

বুধবার হাইকোর্টে এ সংক্রান্ত মামলার ১০৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রিটকারী আইনজীবী মনজিল মোরশেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ের বিষয়ে জানতে চাইলে মনজিল মোরশেদ বলেন, রায়ে সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সম্পত্তি যথাযথ সংরক্ষণের ব্যর্থতাকে বেআইনি ঘোষণা করা হয়েছে। যে চুক্তির বলে এ সম্পত্তি হস্তান্তর করা হয়েছিল, সেটিকেও বেআইনি ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি কনকর্ডের ১৮ তলা ভবন এতিমখানার পক্ষে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। কনকর্ডকে নির্দেশ দেয়া হয়েছে, ভবনের সব কিছু ৩০ দিনের মধ্যে সমাজকল্যাণ সচিবের মাধ্যমে এতিমখানাকে ব্যবহারের জন্য বুঝিয়ে দিতে হবে। যদি তারা ব্যর্থ হয় তাহলে অন্য বিবাদীদের বলেছেন, সাত দিনের মধ্যে এতিমখানাকে বুঝিয়ে দিতে।

এছাড়া আদালত আজিমপুর এতিমখানাকে সুশৃংখলভাবে পরিচালনার জন্য একটি কার্যকরী ব্যবস্থাপনা কমিটি গঠন করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। এতিমখানার সম্পত্তি বেআইনিভাবে হস্তান্তর করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ গত বছরের ১৭ সেপ্টেম্বর সংক্ষিপ্তভাবে রায়টি দিয়েছিল। রায়ে চার দফা নির্দেশনা দেয়া হয়। জানা গেছে, ১৯০৯ সালে নবাব স্যার সলিমুল্লাহ নিজ নামে এতিমখানাটি স্থাপন করেন।

সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে এতিমখানা সম্প্রসারণ করে পরিচালনা করা হচ্ছিল। ২০০৩ সালের ২২ জুলাই এতিমখানার দায়িত্বপ্রাপ্ত সভাপতি বেগম শামসুন্নাহার আহসানউল্লাহ এবং সেক্রেটারি অ্যাডভোকেট জিএ খান এতিমখানার দুই বিঘা জমি ডেভেলপার কোম্পানি কনকর্ডকে হস্তান্তর করেন।

তখন এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের ভিত্তিতে এতিমখানার ৪ ছাত্রের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

মামলার নথি সূত্রে জানা গেছে, সলিমুল্লাহ মুসলিম এতিমখানা সরকারের কাছ থেকে জমি লিজ নেয়। এতিমখানা সম্প্রসারণের জন্য সরকার বিনামূল্যে এ জমি হস্তান্তর করে এবং ওই লিজের শর্ত ছিল, এতিমখানার প্রয়োজন ব্যতীত অন্য প্রয়োজনে জমি ব্যবহার করা যাবে না।

তা সত্ত্বেও এতিমখানার সভাপতি ও সেক্রেটারি বেআইনিভাবে দুই বিঘা জমি কনকর্ড গ্রুপের কাছে হস্তান্তর করে। এ হস্তান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর ২০১৩ সালের ১১ ফেব্র“য়ারি হাইকোর্ট রুল জারির পাশাপাশি স্থিতাবস্থা জারি করেন।

মাহমুদ