মিরপুর মডেল থানা থেকে সদ্য প্রত্যাহার করা উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মিরপুর থানার এসআই রাকিব বাদী হয়ে বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় মামলাটি দায়েরকরেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় মোট ৮ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে এসআই জাহিদ ও পুলিশের সোর্স নাসিমকে গ্রেফতার করা হয়েছে। এসআই জাহিদকে বুধবার ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।
মিরপুর থানায় কর্মরত অবস্থায় ১২ জুলাই (শনিবার) রাতে তার হেফাজতে হাবিবুর রহমান সুজন নামে এক যুবকের মৃত্যু হয়। এর আগে চলতি বছরেই তিন জনকে হত্যার অভিযোগ ওঠে জাহিদের বিরুদ্ধে । তবে পুলিশ এ সব অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে।
নিহত সুজনের পরিবারের অভিযোগ, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্টেও নির্যাতনে সুজনের মৃত্যুর বিষয়টি উঠে এসেছে।
এ ঘটনায় ওই দিনই এসআই জাহিদকে থানা থেকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনসে পাঠানো হয়।
এরআগে গত ২৪ জানুয়ারি এসআই জাহিদ কালশী বিহারী ক্যাম্পে জাবেদ নামে এক বিহারী যুবককে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার ১৫ দিন পর ৯ ফেব্রুয়ারি মো. জনি নামে অপর এক বিহারী যুবককে তুচ্ছ ঘটনায় আটক করে থানা হাজতে নির্যাতনে হত্যা করা হয় বলেও অভিযোগ ওঠে। এসআই জাহিদ ওই সময় পল্লবী থানায় কর্মরত ছিলেন। ওই ঘটনার পর তাকে প্রত্যাহার করা হলেও পরে তাকে মিরপুর থানায় সংযুক্ত করা হয়।
ঢাকা, জেইউ, ১৭ জুলাই(টাইমনিউজবিডি.কম)এসআর