চট্টগ্রামে হিংস্র কুকুরকে লেলিয়ে দিয়ে স্কুলছাত্র হিমাদ্রী হিমু হত্যার দায়ে বাবা-ছেলেসহ পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।

রোববার বিকেল সোয়া ৪টার দিকে রায় ঘোষণা করেন চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপম চক্রবর্তী। এর আগে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার দুই দফা তারিখ পেছানো হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের ব্যবসায়ী ও শিল্পপতি শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি ও জাহিদুল ইসলাম শাওন।

এদের মধ্যে শাহ সেলিম টিপু, শাহাদাৎ হোসাইন সাজু ও মাহাবুব আলী খান ড্যানি বর্তমানে কারাগারে আছেন। মামলার শুরু থেকেই পলাতক রয়েছে জুনায়েদ আহমেদ রিয়াদ ও জাহিদুল ইসলাম শাওন।

উল্লেখ্য, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে হিমাদ্রীকে মারধরের পর জার্মানির হিংস্র কুকুর লেলিয়ে দেয় দণ্ডপ্রাপ্তরা।

সামারফিল্ড স্কুলের ‘এ’ লেভেলের শিক্ষার্থী এই তরুণকে পরে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর ২৩ মে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমাদ্রী।

ঘটনার পরদিন ২৮ এপ্রিল হিমাদ্রীর বাবা নগরের পাঁচলাইশ থানায় একটি জিডি করেন। হিমাদ্রী মারা যাওয়ার পর তাঁর মামা অসিত দে বাদী হয়ে একই থানায় এই পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এসএম