ছিনতাই কিংবা চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রয়োজনে পুলিশ গুলি ছুড়বে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার রাজধানীর গাবতলীতে আইনশৃঙ্খলা ও ট্রাফিক-সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

চুরি, ছিনতাই, রাহাজানি নিম্নতম পর্যায়ে নামিয়ে আনা হয়েছে দাবি করে আছাদুজ্জামান মিয়া বলেন, শুধু পোশাকি পুলিশ নয়, গোয়েন্দা পুলিশ রন্ধ্রে রন্ধ্রে নগরের বিভিন্ন জায়গায় ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। যদি কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটে, তাৎক্ষণিক তারা হস্তক্ষেপ করবে। প্রয়োজনে গুলি ছুড়বে। সন্ত্রাসীদের দমন করবে।

কোনো ছিনতাইকারী, মলম পার্টি কিংবা অজ্ঞান পার্টির অপতৎপরতা আমাদের প্রিয় ঢাকা মহানগরীতে হতে দেবন না বলেও মন্তবয করেন তিনি।

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার বলেন, আসন্ন ঈদুল ফিতরে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টির কোনো দৌরাত্ম্য থাকবে না। ইতিমধ্যে অজ্ঞান পার্টির দুই শতাধিক সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

উল্টোপথে গাড়ি চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, যে-ই হোক, যত বড় ক্ষমতাশালী হোক, ইনশা আল্লাহ আমাদের ট্রাফিক বিভাগ দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে এবং এটা অব্যাহত থাকবে। আমরা উল্টোপথে কোনো গাড়ি যেতে দেব না। কোনোভাবেই ট্রাফিক আইন ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না।

স্কুল, কলেজ, আবাসিক এলাকা ও হাসপাতালের নিকটে হাইড্রলিক হর্ন না বাজানোর পরামর্শ দিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, হাইড্রলিক হর্ন শিক্ষার্থী ও রোগীদের মনে চাপ দেয়। এমনকি অনেক মুমূর্ষু রোগী মারা পর্যন্ত যায় হাইড্রলিক হর্নে।

বিভিন্ন যানবাহন থেকে ইতিমধ্যে চার হাজার হাইড্রলিক হর্ন খুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া নগরবাসীকে চলাচলে ফুটওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহারের পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ২৯ জুন থেকে মহানগরীতে প্রবেশের ও বের হওয়ার চারটি প্রধান পয়েন্টে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে এবং সাদাপোশাকের পুলিশকে সদা সতর্ক অবস্থায় রাখা হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালকুদার।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমদ, মফিজ উদ্দিন আহম্মেদ ও ইমতিয়াজ আহমেদ, মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আহাম্মদ, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রমেশ চন্দ্র সেনসহ মালিক ও শ্রমিকদের সংগঠনের নেতারা।

এমআইএস