গাজীপুরের টঙ্গীতে লাশবাহী এ্যাম্বুলেন্স অবরোধ করে ছিনতাইয়ের ঘটনায় শনিবার পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।
তারা হলেন, টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান-২ কনস্টেবল (কং-২৫৮), হযরত আলী কনস্টেবল (কং-৮৫২), মতিউর রহমান মতিন কনস্টেবল (কং- ৪৮২) ও আব্দুস সাত্তার।
কর্তব্যে অবহেলার অভিযোগে তাদের জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ছিনতাইয়ের ঘটনার পর টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাবু (২৬) ও জাবেদ (৩০)সহ সন্দেহভাজন ১৩ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যরা।
তাদের মধ্যে এরশাদনগর এলাকা থেকে বাবু (২৬) ও জাবেদ (৩০) রয়েছে। তাদের দেহ তল্লাশি করে ৭টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তারা জড়িত থাকতে পারে ছিনতাইয়ের ঘটনায়।’
প্রসঙ্গত, একদল ছিনতাইকারী শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় লাশবাহী এ্যাম্বুলেন্স অবরোধ করে। ছিনতাইকারীরা নিহত ব্যক্তির স্বজনদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও কয়েকটি মুঠোফোন লুটে নেয়।
রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন টঙ্গী বাটা সু কোম্পানির সাবেক কর্মচারী শাহজাহান তালুকদার (৬৫) বৃহস্পতিবার মধ্যরাতে মারা যান। তার লাশ পরদিন শুক্রবার ভোরে বাড়ি নিয়ে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
এএইচ





