বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী তারিখ আগামী ১ জুন ধার্য করেছে আদালত।

রাজধানীর বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামান আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করে আদেশ দেন।

আজ মঙ্গলবার মামলাটিতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। মামলাটি শুনানির জন্য উত্থাপিত হলে তার পক্ষে আইনজীবী বলেন, আজ বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এ মামলাটি পুনরায় তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়। হাইকোর্টের দেয়া খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেছে বেগম খালেদা জিয়া, যা শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে আত্মপক্ষ শুনানি পেছানোর আবেদন করা হয়।

খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মাসুদ আহমেদ তালুকদার। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর পরবর্তী শুনানির তারিখ ১ জুন ধার্য করেন।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলাটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

এমবি