কোন কর্তৃত্ব বলে কাজী রিয়াজুল হক জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বহাল আছেন তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আজ রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
আগামী চার সপ্তাহের মধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
এর আগে গত ৯ নভেম্বর ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, কাজী রিয়াজুল হক ইতোপূর্বে ২০১০ ও ২০১৩ সালে কমিশনের সদস্য ছিলেন। চলতি বছর ২২ জুন থেকে তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পান।
অথচ ২০০৭ সালের মানবাধিকার কমিশন আইনের ২ (এইচ) ও ৬ (৩) ধারা অনুযায়ী দুই বারের বেশি নিয়োগ হলে তা অবৈধ।
এমবি





