মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ শামীম আহমেদের নামে মারপিট ও ভোটবাক্স ছিনতাইয়ের অভিযোগে মিথ্যা মামলা দায়েরের অপরাধে এক প্রিসাইডিং অফিসারকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুর আড়াইটার দিকে কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ভাবনহাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে এ দণ্ডাদেশ দেয়া হয়।
শেখ শামীম আহমেদের আইনজীবী অ্যাডভোকেট অজয় বিশ্বাস জানান,১৯ ফেব্রুয়ারি নির্বাচনের দিনে মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী শেখ শামীম আহমেদের বিরুদ্ধে ভাবনহাটি ভোটকেন্দ্রে হামলা,ব্যালট বাক্স ছিনতাই ও প্রিজাইডিং অফিসারকে মারপিটের অভিযোগে মামলাটি হয়।
দুপুর আড়াইটার দিকে এ মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আব্বাস উদ্দিনের আদালতে শেখ শামিম আহমেদের জামিন শুনানি চলছিল।
এসময় মামলার বাদী রমজান আলী আদালতে উপস্থিত হয়ে আদালতকে জানান- ওই মামলাটি মিথ্যা ছিল। একটি মহলের প্ররোচণায় তিনি ওই মিথ্যা মামলা করেন। আসামি ওই ঘটনার সঙ্গে জড়িত নন।
তার এ স্বীকারোক্তি মতে আদালত শেখ শামীমের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে দণ্ডবিধি ২১১ ধারায় মিথ্যা মামলা করে ক্ষতিগ্রস্ত করার অপরাধে ওই শিক্ষকের ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে ওই শিক্ষককে  কারাগারে পাঠানো হয়।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]