হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের দুই সহোদর মহিবুর রহমান ওরফে বড় মিয়া ও মুজিবুর রহমান ওরফে আঙুর মিয়াকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
আগামী ১৬ মার্চ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমণ্ডি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ আদেশ দেন।
একই সঙ্গে এই দু্ই আসামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৬ এপ্রিল তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ ফেব্রুয়ারি এই দুই সহোদরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ওই দিন প্রসিকিউটর সীমন বলেছিলেন, আসামীরা দুইজন সহোদর। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী হত্যা, অগ্নিসংযোগ, অত্যাচার, দেশান্তরের অপরাধের কথা তদন্তে পাওয়া গেছে।
সীমন বলেন, তদন্ত সংস্থা প্রাথমিক তদন্ত শেষে এই দুই আসামীকে গ্রেফতারের আবেদন করার জন্য প্রসিকিউশনকে বলা হয়। এরপর প্রসিকিউশন তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে গ্রেফতারের আবেদন করেন।
এএইচ





